ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটিতে ইনিংস ও ৩৮ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্রেফ ৫৪ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে ভয়াবহ ব্যাটিং ধসের পর হতাশা লুকালেন না টাইগার কোচ ফিল সিমন্স। ব্যাটারদের আউট হওয়ার ধরনের দিকেই আঙুল তুললেন ওয়েস্ট ইন্ডিজের এই কোচ। তবে আশা প্রকাশ করেন, ভুলগুলো নিয়ে কাজ করে টেস্ট ম্যাচের জন্য তৈরি হয়ে উঠবেন ব্যাটাররা।
বিসিবির ভিডিও বার্তায় কোচ বললেন, ‘যে তিন দিন আমরা পেয়েছিলাম, বেশ ভালো কিছু কাজ হয়েছে আমাদের। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আমরা নিজেদের হতাশ করেছি। যদি খেয়াল করে দেখেন যেভাবে আমরা আউট হয়েছি, ভালো কিছু ছিল না।’ তিনি যোগ করেন, ‘টেস্ট ম্যাচে যথাযথভাবে যা করতে হবে, তা নিয়ে কাজ করার জন্য তিনটি দিন আছে আমাদের। ছেলেদের ওপর আমার বিশ্বাস আছে, টেস্ট ম্যাচে আমরা যেখানে থাকতে চাই, সেটির জন্য আগামী তিন দিনে সেই কাজগুলো ওরা করবে। হতাশাজনক ম্যাচ, তবে আমরা সামনে তাকাচ্ছি এবং টেস্ট ম্যাচের অপেক্ষায় আছি।’



