নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বীর মুক্তিযোদ্ধা, কিংবদন্তি ‘কিলো ফ্লাইট’ কমান্ডার এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব:) সুলতান মাহমুদ, বীর উত্তম, এসিএসসির ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
এ উপলক্ষে গতকাল শুক্রবার বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদগুলোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ জুমা আয়োজিত এসব অনুষ্ঠানে এই মহান বীরের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয় এবং তার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক অবিস্মরণীয় নাম। তিনি ১৯৭১ সালে গঠিত বিমান বাহিনীর প্রথম যুদ্ধকালীন ইউনিট ‘কিলো ফ্লাইট’-এর নেতৃত্ব দিয়ে দেশমাতৃকার স্বাধীনতায় অনন্য ভূমিকা পালন করেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়।


