প্রবাসী স্বামীর মৃত্যুর ৫৮ ঘণ্টার ব্যবধানে স্ত্রীর মুত্যৃ

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর ব্রেইন স্ট্রোকে মৃত্যুর শোক সইতে না পেরে না ফেরার দেশে চলে গেলেন স্ত্রীও। স্বামীর মৃত্যুর মাত্র ৫৮ ঘণ্টার ব্যবধানে তার এই ইন্তেকালে চুয়াডাঙ্গার দর্শনায় শোকের ছায়া নেমে এসেছে। এই দম্পতির ইন্তেকালে তাদের দুই নাবালক সন্তান বাবা-মা উভয়কে হারিয়ে সম্পূর্ণ এতিম হয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে সফর উদ্দিন (৪০) সৌদি আরবের আভা শহরে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১৮ আগস্ট ভোর ৫টায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সফর উদ্দিন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক, সাবেক প্যানেল মেয়র ও সাংবাদিক শরীফ উদ্দিনের ভাই।

অন্য দিকে গত ১০ আগস্ট স্বামীর স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর জানতে পেরে মারাত্মক মানসিক আঘাতে ওই দিনই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন তার স্ত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন (৩৫)। ববিতা খাতুন দর্শনা থানা মহিলা জামায়াতের জনপ্রিয় সভানেত্রী ছিলেন। পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে এই দম্পতি এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।