বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের খেলা দেখা শেষে তিনি বঙ্গভবনে যান।

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে এটি প্রথম সাক্ষাৎ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাষ্ট্রপতির সাথে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান।