গত বৃহস্পতিবার রাত ৯টা। জনসম্মুখে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে চকচকে একটি চাপাতি হাতে দুর্বৃত্তরা ছিনতাই করছে। এই দৃশ্য দেখে কেউ কেউ দৌড়ে পালাচ্ছে। দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরাও অসহায়ের মতো চেয়ে দেখলেন ছিনতাইকারীদের। তবে ওই ছিনতাইকারীকে ধরতে কেউ এগিয়ে আসেনি।
রাজধানীর ধানমন্ডি রাসেল স্কয়ারে (ধানমন্ডি ৩২) জনসম্মুখে চাপাতি হাতে ছিনতাইয়ের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই ছিনতাইকারীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও চাপাতি হাতে ছিনতাইকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ভিডিওতে দেখা যায়, ধানমন্ডি ৩২ নামে পরিচিত রাসেল স্কয়ারের উল্টো দিকে লেকের পাশে ফুটপাথে এক ব্যক্তিকে চাপাতি হাতে ভয় দেখাচ্ছে এক ছিনতাইকারী। এতে ভয় পেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা ব্যাগ ছুড়ে মারেন। পরে ছিনতাইকারী এক হাতে ব্যাগ ও অন্য হাতে চাপাতি নিয়ে ব্যস্ত রাস্তায় ট্রাফিক পুলিশের সামনে দিয়ে চলে যায়। এ সময় চার পাশে দাঁড়িয়ে অনেকেই ঘটনাটি দেখছিলেন এবং সড়কেও অনেক যানবাহন চলাচল করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে। এই ঘটনা ঘটার কিছুক্ষণ পরে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি ঘটেছে ওই দিন রাত ১২টার দিকে। ওই ভুক্তভোগী থানায় অভিযোগ করেনি। তবে তারা ভুক্তভোগীকে খুঁজছেন।
ঘটনাস্থলের পাশে ফুটপাথের ওপর জুয়েলারি পণ্য বিক্রি করা তানভীর আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ৯টার দিকে হঠাৎ চাপাতি হাতে ওই ছিনতাইকারী এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এ সময় ভয় দেখাতে চাপাতি দিয়ে হালকা কোপও দেয়। তখন ভুক্তভোগী ভয়ে ব্যাগ ফেলে দেয় এবং বলে, ‘ব্যাগ নিয়ে যা, তাও কিছু করিস না’। এরপর ওই ছিনতাইকারী ব্যাগ নিয়ে রাস্তা পার হয়ে চলে যায়। তখন আশপাশে অনেক মানুষ ছিল। কিন্তু কেউ ভয়ে এগিয়ে যায়নি। এই বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা গতকাল বলেন, ঘটনাটি বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঘটেছে। কিন্তু এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। আমরা ওই ভুক্তভোগীকে খোঁজার চেষ্টা করছি। পাশাপাশি ওই ছিনতাইকারীকেও ধরার চেষ্টা চালানো হচ্ছে। ভুক্তভোগী থানায় অভিযোগ না করায় ব্যাগে কী ছিল সেটি জানা যায়নি।
ট্রাফিক পুলিশের সামনে এমন ঘটনা ঘটার পরও তারা এগিয়ে যায়নি কেন জানতে চাইলে তিনি বলেন, তখন রাস্তায় যানবাহনের চাপ ছিল। ট্রাফিক পুলিশরা সেটি নিয়ন্ত্রণ করছিলেন। তাদের পেছনে ঘটনাটি ঘটেছে এবং খুব কম সময়ে। ভিডিওতেও সেটি দেখা গেছে। তারা ঘটনাটি বোঝার আগেই ছিনতাইকারী পালিয়ে যায়।



