এএনআই
আসন্ন ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত সফর করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী সেপ্টেম্বরে রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আন্তর্জাতিক সম্মেলনের সভাপতিত্ব করবে স্বাগতিক ভারত। এবারের শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি’ (স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি গঠন)।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছিলেন পেজেশকিয়ান। সেই বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালে মিসর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সাথে পূর্ণ সদস্য হিসেবে ব্রিকসে অন্তর্ভুক্ত হয় ইরান। পরে ২০২৫ সালে ইন্দোনেশিয়া যুক্ত হলে এই জোটের মোট সদস্য সংখ্যা দাঁড়ায় ১১-তে।


