চট্টগ্রাম ব্যুরো
পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে চট্টগ্রাম নগরীতে আয়োজিত জশনে জুলুস ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘেœ সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এর অংশ হিসেবে মূল জুলুসের রুট নির্ধারণের পাশাপাশি জুলুস চলাকালে নগরের গুরুত্বপূর্ণ একটি ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মানুষ বা মূর্তি, কুশপুত্তলিকা প্রদর্শনসহ আইনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
সিএমপির নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, সকাল ৮টায় নগরের ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে মূল জুলুস শুরু হবে। জুলুসটি বিবিরহাট হয়ে মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস অতিক্রম করবে। এরপর একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে গিয়ে সমবেত হবে। জুলুস চলাকালে নগরের লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে। ফলে ওই সময়ে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে নগরবাসীকে।



