অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ১০ সংগঠনের মানববন্ধন

ক্ষমতার পালাবদলে কর্ণফুলীর দখলদার এখন বিএনপি?

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

কর্ণফুলী নদী দখলদারদের পক্ষে ক্ষমতাসীন দলের এমপি নেতাদের অবস্থান নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ১০ পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। গতকাল শুক্রবার সকালে কর্ণফুলী নদীর ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা তিন দফা দাবি উল্লেখ করে বলেন, ক্ষমতাসীন দলের এমপি ও বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি মাহাবুব উদ্দিন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল ও বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ কর্ণফুলী দখলদার জাতীয় মৎস্যজীবী সমবায় ও চট্টগ্রাম বন্দরের পক্ষে হাইকোর্টে অবস্থান নিয়ে জনস্বার্থে মামলা পরিচালনাকারী আইনজীবীদের বিভিন্নভাবে নাজেহাল করছে, যা চট্টগ্রামবাসী ও দেশের অর্থনীতির সঞ্চালক কর্ণফুলী নদী দখলে সরাসরি ভূমিকা রাখছে। তারা আগামীতে দখলদারদের পক্ষে অবস্থান নিলে নৌ ধর্মঘটসহ প্রতিকি কর্ণফুলী ভরাট কর্মসূচি নেয়া হবে। বক্তারা বলেন, আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে দেশী প্রজাতির ঔষধি গাছে বাগান সৃষ্টি করতে হবে।

ম্ুিক্তযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা: মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সোহরাব হোসেন, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক আলীউর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় মনিরা পারভিন রুবা, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, বিপ্লবী তারেকশ^র দস্তিদার স্মৃতি ফাউন্ডেশন সভাপতি ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, পরিবেশ কর্মী রোজী চৌধুরী, কর্ণফুলী হস্তচালিত বড় সাম্পান সমিতির সভাপতি মোজাম্মেল হক, কর্ণফুলী নদী জেলে সম্প্রদায় প্রতিনিধি সুমন দাশ প্রমুখ।

বক্তারা বলেন, ২০১০ সালে হাইকোর্টে দায়েরকৃত রিট মামলা নং ৬৩০৬/২০১০ এর আইনজীবী ছিলেন আওয়ামী সরকারের এমপি শ ম রেজাউল করিম। ওই মামলার আপিল বিভাগের ২০১৯ সাল পর্যন্ত আইনজীবী ছিলেন ঢাকা সিটি করপোরেশন সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা ফজলে নূর তাপস, পরবর্তীতে দখলদার কর্তৃক দায়েরকৃত রিট মামলা ৭২০/২০২১ ও ২৪০২/২০২৩ এর আইনজীবী ছিলেন আওয়ামী লীগ নেতা ও তৎকালীন বার কাউন্সিল সদস্য সাঈদ রাজা, উপরি উক্ত তিন মামলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ আদেশ বহাল রাখেন মহামান্য হাইকোর্ট। তিনটি মামলায় পরাজিত হওয়ার পর একই গ্রাউন্ডে দায়েরকৃত ৪৬২৪/২০২৫ মামলার আইনজীবী হিসাবে লড়ছেন মাহাবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ- যা দেশের স্বার্থবিরোধী।

সভাপতির বক্তব্যে ডা: মাহফুজুর রহমান বলেন, অতীতে জানতাম কর্ণফুলী নদীর সব দখলদার আওয়ামী লীগ; এখন দেখছি, সবাই বিএনপি হয়ে গেছে। দেশের স্বার্থ লুট ও পরিবেশ প্রতিবেশ ধ্বংসে লুটতরাজকারীরা ক্ষমতায় ছায়ায় থাকে- এটিই তার বড় প্রমাণ।

মানববন্ধনকারী ১০ সংগঠন হচ্ছে- চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ ফোরাম, কর্ণফুলী সুরক্ষা পরিষদ, সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, কর্ণফুলী নদী হস্তচালিত বড় সাম্পান সমিতি, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন ও ইউনাইটেড স্যোশাল নেটওয়ার্ক উৎস।