ইতালিতে নিজ বাসায় একই পরিবারের তিন বাংলাদেশী খুন

Printed Edition

নোয়াখালী অফিস

ইতালিতে নিজ বাসায় একই পরিবারের তিন প্রবাসী বাংলাদেশীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকার একটি অ্যাপার্টমন্টে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৪৫) ২০১০ সালে ইতালিতে যান। স্ত্রী ও এক ছেলে ও মেয়েকে নিয়ে রোমের পাশর্^বর্তী এলাকায় একটি অ্যাপার্টমন্টে বসবাস করতেন। স্থানীয় সময় গত শুক্রবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা সেই অ্যাপার্টমেন্টে ঢুকে কামাল উদ্দিন বাবুল, স্ত্রী মমতাজ বেগম আরজু এবং পাঁচ বছরের মেয়ে আরোয়া ইসলাম আরিশাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় বাইরে থেকে বাসায় ফিরে ছেলে আমির হোসেন অয়ন এ ঘটনা দেখে ফেললে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে অয়নের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুল, স্ত্রী ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অয়ন বর্তমানে ইতালির স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের বাবা সিরাজ আলম অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে একই এলাকার ইতালি প্রবাসী শাহাদাত এই খুনে জড়িত থাকতে পারেন। তবে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী এখনো এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত বা গ্রেফতারের তথ্য জানায়নি।