তাওহিদভিত্তিক আকিদা সংরক্ষণ, নফস ও কলবের রোগ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয়ের মাধ্যমে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীতে অনুষ্ঠিত হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সা:-এর ১৩তম দিবসের কর্মসূচি। রোববার চুনতীর শাহ্ মনজিল সিরাত ময়দানে অনুষ্ঠিত মাহফিলে বক্তারা বলেন, ঈমান ও আকিদার বিশুদ্ধতা একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। একই সাথে আত্মিক রোগ থেকে মুক্ত হয়ে নফসের পরিশুদ্ধি অর্জন এবং আল্লাহর পথে সম্পদ ব্যয়ের মানসিকতা গড়ে তোলা ইসলামী জীবনব্যবস্থার গুরুত্বপূর্ণ শিক্ষা।
যুগশ্রেষ্ঠ আলেম হজরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত এ ঐতিহাসিক মাহফিলে সভাপতিত্ব করেন খুটাখালীর মরহুম পীরের সাহেবজাদা আলহাজ মাওলানা নুরুল হোছাইন। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইনের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দেশের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদরা। ‘‘ইনফাক ফি সাবিলিল্লাহ’র গুরুত্ব ও ফজিলত’’ বিষয়ে আলোচনা করেন মসজিদে রায়তুল্লাহর খতিব আলহাজ মাওলানা জাফর সাদেক ইকবাল। তিনি বলেন, আল্লাহর পথে সম্পদ ব্যয় শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এর মাধ্যমে সমাজের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখা সম্ভব। সামর্থ্য অনুযায়ী মানবকল্যাণে এগিয়ে আসার জন্য তিনি মুসলমানদের প্রতি আহ্বান জানান। ‘নফস ও কলবের রোগসমূহ এবং প্রতিকারের উপায়’ বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা হাফিজুল হক নিজামী। তিনি বলেন, মানুষের অন্তরে অহঙ্কার, হিংসা, লোভ, বিদ্বেষ ও আত্মম্ভরিতার মতো নানা রোগ বাসা বাধতে পারে। এসব থেকে মুক্তির জন্য কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুসরণ, ইবাদত-বন্দেগি এবং আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধির চর্চা জরুরি। ‘শিরকের পরিচয়, প্রকারভেদ ও ভয়াবহ পরিণতি’ বিষয়ে আলোচনা করেন আজিজুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম আলহাজ মাওলানা আবদুল্লাহ আল মারুফ। তিনি বলেন, তাওহিদ ইসলামী আকিদার মূল ভিত্তি। তাই শিরকের বিভিন্ন রূপ ও পরিণতি সম্পর্কে সচেতন থেকে বিশুদ্ধ ঈমান ও আকিদা সংরক্ষণে প্রত্যেক মুসলমানকে সতর্ক থাকতে হবে। এ ছাড়া আলোচনা করেন গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আলহাজ মাওলানা মুহি উদ্দিন। মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজাহেদুল ইসলাম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, মোতাওয়াল্লি কমিটির সদস্য আলহাজ আবু তাহের ও আলহাজ ইসমাইল মানিক। বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিরা। কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ আসলাম হাবীব আফিফ ও কারী আব্দুল্লাহ আল মাহমুদ। নাতে রাসূল সা: পরিবেশন করেন নুরুল আলম ও মুহাম্মদ দস্তগির রহমান। পরে খোতবায়ে ছদর, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ১৩তম দিবসের কর্মসূচি শেষ হয়। বিজ্ঞপ্তি।



