এএফপি
সৌদি আরবের কাছে গত শুক্রবার ৫০০ কোটি ডলারের বোমা, গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ চলাকালে সৌদিকে অস্ত্র বিক্রির অনুমোদন দেয়া নিয়ে আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত এ অস্ত্র বিক্রি বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবেলায় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। তাদের প্রতিরক্ষা শক্তিশালী করবে এবং মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলের অন্য অংশীদারদের ব্যবহৃত ব্যবস্থার সাথে সমন্বয় উন্নত করবে।
বিবৃতিতে আরো বলা হয়, এ বিক্রয় ন্যাটোবহির্ভূত প্রধান এক মিত্রের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যগুলোকে সমর্থন করবে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে সৌদি আরব। রিয়াদের কাছে এ বোমা বিক্রির প্রস্তাবের বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর, যা বাস্তবায়নে এখনো মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদনের প্রয়োজন রয়েছে।



