বিশেষ সংবাদদাতা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মুনাজাত করা হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মুনাজাত পরিচালনা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিশেষ সভার সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত শুক্রবার বিএনপি চেয়ারপারসনের সঙ্কটাপন্ন অবস্থার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান।
প্রধান উপদেষ্টা জানান, তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসাসহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সরকার সবধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান।
গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি জন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে দেশী-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকেরা সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানে অনুমতি লাগবে না : এ দিকে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে। এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে। অনুদান অবমুক্তর শর্তগুলোও সহজ করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না।
এ ছাড়া সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া উত্থাপিত হয়েছিল। তবে অধ্যাদেশটি আরো বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।
সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা বাকি ২৪ জনকে মুক্তি দেয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে। জানান যে, দুই-তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।



