নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে নিহত হয়েছেন নেজাম উদ্দিন নামে এক ব্যক্তি। এ ছাড়া বরিশালের উজিরপুরে দাম্পত্য কলহে গৃহবধূ এবং যশোরের চৌগাছায় বার্ধক্যজনিত অসুস্থতায় একজন আত্মহত্যা করেছেন।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। এ ঘটনার পর ছোট ভাই পালিয়ে গেলেও নিহতের মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৮ জুলাই বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নেজাম উদ্দিন (৪৫), বাবা মৃত আব্দুল হামিদ। অভিযুক্ত ছোট ভাই হলেন জামাল উদ্দিন সুমন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে এ বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নেজাম উদ্দিন ছোট ভাই সুমনকে ধাক্কা দিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সুমন বড় ভাই নেজামকে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



