মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে ফসলি জমিতে ভেকু দিয়ে অবৈধভাবে পুকুর খননের চেষ্টার দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ম্যালকাই এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ উল আরেফীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার ম্যালকাই এলাকার মৃত আলতাজদ্দিন হাওলাদারের ছেলে ইকবাল হাওলাদার অবৈধভাবে ইরিধানের ব্লকের মধ্যখানে পুকুর খননের চেষ্টা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় তিনি ভেকু চালককে আটক করেন। পরে জমির মালিক ইকবাল হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। মুচলেকা নিয়ে ভেকু চালককে ছেড়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষি জমিতে মাটিকাটার অপরাধে জমির মালিক ইকবাল হাওলাদারকে জরিমানা করা হয়েছে।



