সংসদে শিল্পমন্ত্রী

শিল্প মন্ত্রণালয়ের ৩১টি প্রতিষ্ঠান লোকসানে

Printed Edition

সংসদ প্রতিবেদক

শিল্প মন্ত্রণালয়ের অধীন সরকারি মালিকানাধীন তিনটি সংস্থার ৩১টি প্রতিষ্ঠান লোকসানি হিসেবে পরিচালিত হচ্ছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি জানান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর ৫টি, বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের (বিএসএফআইসি) ১৪টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১২টি প্রতিষ্ঠান লোকসানি হিসেবে পরিচালিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকারদলীয় এমপি এস এম জাহাঙ্গীর হোসেন-এর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর সংসদকে জানান, শিল্প মন্ত্রণালয়ের বিসিআইসির অধীন সার কারখানাগুলোর উৎপাদিত ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের উপর সরকার কর্তৃক ট্রেড গ্যাপ/ভর্তুকি (উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যের পার্থক্যের সমপরিমাণ অর্থ) প্রদান করা হয়।

বিএসএফআইসি-এর লোকসানি প্রতিষ্ঠানকে সরকার কোনো ভর্তুকি প্রদান করে না, তবে সহায়তা হিসেবে চলতি মূলধন বাবদ পরিচালিত ঋণ প্রদান করে থাকে। বিএসইসির অধীন লোকসানি শিল্প প্রতিষ্ঠানে সরকার কর্তৃক কোনো ভর্তুকি প্রদান করা হয় না।

লোকসানি প্রতিষ্ঠানের লোকসান হ্রাস করার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিএসএফসির অধীন চিনিকলের লোকসান হ্রাস করার জন্য মিলের আধুনিকায়ন, আখের উৎপাদন ও চিনির রিকভারি বৃদ্ধি, জনবলের সুষমকরণ, কৃষিভিত্তিক শিল্পস্থাপন ও ডিস্টিলারি প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী আরো জানান, বিসিআইসিতে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেস এ রূপান্তকরণ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে। এ ছাড়া, বন্ধ কারখানাগুলো চালুকরণ,জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব, লাভজনক, আমদানি বিকল্প পণ্য উৎপাদন ও আধুনিক প্রযুক্তির শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। বিএসইসির শিল্প প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন, পরিবেশবান্ধবকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

দিনাজপুর-৪ আসনের এমপি মো: আখতারুজ্জামান মিয়ার এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, বর্তমানে দেশে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীন ১৫টি চিনিকল রয়েছে। এসব চিনিকলের মধ্যে ৬টি চিনিকলের মাড়াই কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে এবং ৯টি চিনিকল চালু রয়েছে।

খন্দকার আবদুল মুক্তাদীর জানান, মাড়াই কার্যক্রম স্থগিত চিনিকলগুলোয় পর্যাপ্ত আখ প্রাপ্তি সাপেক্ষে প্রথম পর্যায়ে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকল, দ্বিতীয় পর্যায়ে পঞ্চগড় ও পাবনা চিনিকল এবং তৃতীয় পর্যায়ে কুষ্টিয়া ও রংপুর চিনিকলের মাড়াই কার্যক্রম পুনরায় চালুকরণের লক্ষ্যে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। পর্যায়ক্রমে চিনিকলগুলো চালু করার পরিকল্পনা রয়েছে। সে পরিপ্রেক্ষিতে প্রথম পর্যায়ে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকল চালু করার নিমিত্ত অর্থ প্রাপ্তির লক্ষ্যে অর্থ বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে। প্রস্তাবিত অর্থ বরাদ্দের বিষয়ে অর্থ বিভাগ অসম্মতি জ্ঞাপন করায় প্রথম পর্যায়ে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকল এখনো চালু সম্ভব হয়নি।

দেশে বেকারত্ব দূর করার লক্ষ্যে নতুন কোনো শিল্প কারখানা স্থাপন করা হবে কি না- চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, হ্যাঁ, দেশে বেকারত্ব দূর করার জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: নূরুল ইসলাম বুলবুল শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর-এর কাছে একটি সম্পূরক প্রশ্ন করেন। তিনি বলেন, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। এখানে আম কেন্দ্রিক ও কৃষি কেন্দ্রিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে কি না? জবাবে মন্ত্রী বলেন, প্রশ্ন ভালো। সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে।