সিএনজি রিকশাচালক সমিতি ও এলাকাবাসীর সাথে চবি ভিসির মতবিনিময়

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও আশপাশের এলাকায় চলাচল করা সিএনজি ও রিকশাচালক সমিতি এবং এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভা গত রোববার সন্ধ্যায় চবি ক্যাম্পাস সংলগ্ন রেলক্রসিং নুর জাহান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান প্রয়োজনীয় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

ভিসি তার বক্তব্যে রিকশা ও সিএনজিচালকদের তিনটি কমিটি করার আহ্বান এবং তাদের মনিটরিং করার নির্দেশনা দেন। তিনি বলেন, প্রত্যেকের নিজস্ব আত্মসম্মানবোধ রয়েছে। সেটি বজায় রাখার চেষ্টা করবেন। এ সময় উপস্থিত বক্তারা বিভিন্ন দাবিদাওয়া পেশ করেন। ভিসি সেসব মনোযোগ দিয়ে শুনেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রয়োজনীয় অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের আশ্বাস দেন।

এ সময় প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী উপস্থিত ছিলেন। হাটহাজারী উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চবি মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, স্থানীয় সিএনজিচালক সমিতির সভাপতি মো: খোরশেদ, দফতর সম্পাদক মো: শামীম, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: শাহেদ, রেল গেট ব্যবসায়ী সমিতির পক্ষে নুরুল হক খোকন প্রমুখ।

চবির সাবেক শিক্ষার্থী মো: সোহেলের সঞ্চালনায় এ সময় ১১নং ফতেপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসা সিদ্দিক, সিএনজিচালক সমিতি রিকশাচালক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।