ঘুরে আসুন জাফলং

Printed Edition
ঘুরে আসুন জাফলং
ঘুরে আসুন জাফলং

আব্দুস সাত্তার সুমন

প্রকৃতির মমতায় জড়ানো এক ভূমি বাংলাদেশের সিলেট। এই সিলেটের মেঘালয় সীমান্ত ঘেঁষে লুকিয়ে আছে এক স্বপ্নভূমি জাফলং। এ যেন এক জীবন্ত চিত্রকর্ম, যেখানে প্রকৃতি তুলির আঁচড়ে এঁকেছে পাহাড়, নদী, মেঘ, চা-বাগান আর পাথরের অমর সৌন্দর্য। মানুষ এখানে আসে শুধু ঘুরতে নয়, আসে নিজেকে খুঁজতে, কারণ জাফলংয়ের নিস্তব্ধতা যেন মানুষের অন্তরের কোলাহলকে শান্ত করে দেয় এক রহস্যময় ছোঁয়া।

ডাউকি নদী : আকাশের নীল ছায়া

জাফলংয়ের প্রাণ হলো ডাউকি নদী। এর পানিতে তাকালে মনে হয়, আকাশ যেন নিজেকে ভাঁজ করে নামিয়ে এনেছে পৃথিবীতে। পানি এত স্বচ্ছ যে নিচের পাথরগুলো আয়নার মতো জ্বলজ্বল করে, আর তার মধ্যে ভেসে থাকে নৌকাগুলো যেন মেঘের টুকরো ভাসছে স্বপ্নের উপত্যকায়। শিশুরা নদীতে ঝাঁপ দেয়, হাতে তুলে নেয় রঙিন পাথর। তাদের হাসি মিশে যায় জলের শব্দে- এ যেন প্রকৃতি নিজেই গাইছে শৈশবের গান, যেখানে নেই দুঃখ, নেই ভয়, শুধু নীল, সবুজ আর জীবনের অনন্ত ধ্বনি।

পাহাড় কোলের সবুজ গল্প : জাফলং ঘেরা মেঘাচ্ছন্ন পাহাড়ে। ভোর হলে দেখা যায় সূর্যের আলো মেঘের ভেতর দিয়ে নেমে আসে সোনার পর্দার মতো, পাহাড়ের গায়ে লেগে থাকে শিশির, আর বাতাসে মিশে থাকে কাঁচা পাতার গন্ধ। কখনো মনে হয় পাহাড়গুলো নীরবে প্রার্থনা করছে এই সৌন্দর্য যেন চিরকাল থাকে। এখানে মানুষের ঘরবাড়ি, দোকান, জীবন সবকিছু প্রকৃতির সাথে মিশে গেছে, যেন মানুষ প্রকৃতির অতিথি নয়; বরং তারই এক অংশ।

পাথরভাঙা মানুষের রঙিন সংগ্রাম : জাফলং মানেই শুধু পর্যটনের নাম নয়; এটি পরিশ্রমের এক গল্পও। নদীর বুক থেকে প্রতিদিন শত শত নারী-পুরুষ পাথর তুলে জীবিকা নির্বাহ করে। তাদের হাতে তৈরি হয় ঘর, সেতু, শহরের অট্টালিকা। কিন্তু জাফলংয়ের পাথর তাদের কাছে শুধু জীবিকার বস্তু নয় এটি অস্তিত্বের প্রতীক, একটি দৃঢ় বার্তা আমরা বাঁচতে জানি, আমরা গড়তে জানি।

চা-বাগানের রূপকথা : জাফলং থেকে চোখ ঘুরিয়ে একটু এগোলেই দেখা যায় চা-বাগানের সুশৃঙ্খল সবুজ ঢাল। সকাল বেলা যখন কুয়াশা পাতায় বসে, তখন পুরো বাগানটা মনে হয় কোনো পরীর দেশ। শ্রমজীবী নারীরা হাতে বাঁশের ঝুড়ি নিয়ে চা-পাতা তুলতে তুলতে গেয়ে ওঠে পাহাড়ি গান। যেন এক মুহূর্তে পাহাড়-নদী, বাতাস সব কিছু

থমকে দেয়। তাদের গানেই যেন জাফলংয়ের হৃদস্পন্দন বাজে।

বৃষ্টির নরম ছোঁয়ায় রঙিন দুপুর : জাফলংয়ের দুপুর কখনো রৌদ্রোজ্জ্বল, কখনো মেঘলা। মাঝে মধ্যে হঠাৎ বৃষ্টি নেমে আসে নদী ভিজে যায়, পাহাড় ভিজে যায়, আর মানুষের হৃদয়ও ভিজে যায় এক অজানা প্রশান্তিতে। বৃষ্টির ফোঁটা পড়ে নদীর জলে মনে হয় আকাশ লিখছে ভালোবাসার গোপন কবিতা।

সন্ধ্যার নীরবতা ও প্রকৃতির প্রার্থনা : সন্ধ্যা নামলে পাহাড়ের পেছনে সূর্য ডুবে যায় ধীরে ধীরে। ডাউকি নদীর জলে প্রতিফলিত হয় কমলা রঙের সূর্যাস্ত যেন আকাশ নিজেই জ্বলছে এক প্রেমে। তখন জাফলং নিস্তব্ধ হয়ে পড়ে, শুধু বাতাসের শব্দ আর নদীর মৃদু সুরে ভরে যায় চারপাশ। পাহাড়ের ওপাশে ভারত ঘেঁষে দেখা যায় আদিবাসীদের ঘরবাড়ি- বিদ্যুতের আলো যেন মিটিমিটি করে জ্বলে। এই মুহূর্তেই বুঝি, প্রকৃতি কখনো নির্জন নয় সে আমাদের সাথে কথা বলে, শুধু মন খুলে শুনতে আর জানতে হয়।

জাফলং এক চিরন্তন কবিতা : জাফলং হলো সেই জায়গা, যেখানে মানুষ ও প্রকৃতি একে অপরের ভাষা বোঝে। যেখানে মেঘের ভেতর হারিয়ে যাওয়া মানে নিজের ভেতর ফিরে আসা। এখানে জীবনের ব্যস্ততা থেমে যায়, আর নিজ আত্মা ভরে যায় শান্তিতে।