গ্যাস না পেয়ে চট্টগ্রামে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

Printed Edition
রাজধানীর জুরাইন এলাকায় সিএনজি পাম্পে গ্যাসের চাপ না থাকায় দীর্ঘ হচ্ছে অটোরিকশার সারি : নয়া দিগন্ত
রাজধানীর জুরাইন এলাকায় সিএনজি পাম্পে গ্যাসের চাপ না থাকায় দীর্ঘ হচ্ছে অটোরিকশার সারি : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। গতকাল শুক্রবার ভোরে ষোলশহর মোড় এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন ক্ষুব্ধ চালকেরা। প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধে ব্যস্ততম মুরাদপুর থেকে ২ নম্বর গেটমুখী প্রধান সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

দুর্ভোগে পড়া চালকদের অভিযোগ- ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ফিলিং স্টেশন থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না। সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষ কোনো স্পষ্ট জবাব দিতে পারছে না। ফলে নিয়মিত গাড়ি চালাতে না পেরে দৈনিক জমা ও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা।

অবরোধকারী অটোরিকশা চালক মনু মিয়াজি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই দিন ধরে গাড়ি চালাতে পারছি না। কোনো আয় নেই, অথচ মহাজনের জমা ও সংসারের খরচ তো থেমে নেই।

এ দিকে বিদ্যমান পরিস্থিতি নিয়ে ষোলশহরস্থ ফসিল ফিলিং স্টেশনের কর্মকর্তা জানান, মূল জাতীয় গ্রিড বা প্রধান সংযোগ থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় তারা গ্রাহকদের গ্যাস দিতে পারছেন না। পর্যাপ্ত চাপ ও সরবরাহ না পাওয়া পর্যন্ত পাম্প চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান তারা।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। চালকদের সাথে কথা বলে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।