চট্টগ্রামের হাটহাজারীতে বৃক্ষরোপণ, কৃষি প্রণোদনা, হালদা নদীর নিবন্ধিত জেলেদের মধ্যে সেলাই মেশিন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
গতকাল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দৃশ্যমান উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। একই সাথে তিনি পূর্ববর্তী সরকারের সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগও উল্লেখ করেন।
সরকার ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হালদা নদীকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হালদা রক্ষায় সরকার বদ্ধপরিকর এবং নদীভিত্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়তা এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে তিনি একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের অনুপ্রেরণামূলক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি কারিগরি শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার প্রসার এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।



