বিশেষ সংবাদদাতা
এবারো সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে তিনি উপভোগ করেছেন সংবর্ধনা অনুষ্ঠান।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় গুলশানের বাসা থেকে বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে অনুষ্ঠানস্থলে যান খালেদা জিয়া। এ সময় তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি। হাত তুলে তাকে অভিবাদনের জবাব দিতে দেখা যায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৌঁছালে বিকেল ৪টার পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। তার পর প্রধান উপদেষ্টা বক্তব্য দেন। বক্তব্যের শুরুতে তিনি সশস্ত্রবাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এর কিছুক্ষণ পর সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। প্রধান উপদেষ্টা তখন ঘুরে ঘুরে অতিথিদের সাথে কুশলবিনিময় করছিলেন। অনুষ্ঠানস্থলে খালেদা জিয়ার আগমনি ঘোষণার সাথে সাথে সবার নজর ঘুরে যায় সাবেক এই প্রধানমন্ত্রীর দিকে।
শুরুতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে একান্তে কয়েক মিনিট কথা বলেন খালেদা জিয়া। পরে তারা যান মূল অনুষ্ঠানস্থলে। সেখানে পাশাপাশি আসনে বসে বর্তমান ও সাবেক সরকারপ্রধানকে হাসিমুখে কথা বলতে দেখা যায়।
গত বছরও সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসনের সাথে একই গাড়িতে সেনাকুঞ্জে যান তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সেনাকুঞ্জের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



