সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ (এসএনএমবি) এ দেশের পরমাণু চিকিৎসার শাথে সম্পৃক্ত চিকিৎসক ও বিজ্ঞানীদের একটি সুপ্রতিষ্ঠিত অরাজনৈতিক ও অলাভজনক বৈজ্ঞানিক সংগঠন, যা ক্যান্সারসহ অন্যান্য জটিল রোগের ডায়াগনোসিস, থেরাপি ও এতদসংক্রান্ত গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছে। গত শুক্রবার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকায় সংগঠনটির ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রায় অর্ধশত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করা হয়।
সম্মেলনের উদ্বোধনী অংশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: আবু জাফর মো: জাহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা: ফারিয়া নাসরিন । এ ছাড়াও উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা।
সম্মেলনে নবীন বিজ্ঞানীদের অ্যাকাডেমিক অর্জনের স্বীকৃতিস্বরূপ ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২৮ কর্মপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৩ সদস্যের নতুন কমিটি নির্বাচন করা হয়। কমিটিতে অধ্যাপক ডা: সানোয়ার হোসেন (সাবেক চেয়ারম্যান, বাপশক) সভাপতি হিসেবে নির্বাচিত হন।
সিনিয়র সহসভাপতি হিসেবে অধ্যাপক ডা: এ কে এম ফজলুল বারী (পরিচালক, নিনমাস, বিএমইউ), সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডা: জিনাত জেবিন (পরিচালক, ইনমাস, সোহরাওয়ার্দী) এবং কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা: আবু বকর সিদ্দিক (বিভাগীয় প্রধান, পিইটি-সিটি বিভাগ, বিএমইউ) দায়িত্ব গ্রহণ করেন।
নবনির্বাচিত সভাপতি সবার সহযোগিতা কামনা করেন এবং পূর্ববর্তী সভাপতি ও কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে নিয়ে পথচলার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।



