যুক্তরাষ্ট্রকে টার্গেট করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান : নেতানিয়াহু

Printed Edition
যুক্তরাষ্ট্রকে টার্গেট করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান : নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রকে টার্গেট করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান : নেতানিয়াহু

ইয়াহু নিউজ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ‘ইরান এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা দিয়ে ‘নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন বা মায়ামির মতো শহরগুলোকে পারমাণবিক হামলার আওতায় আনা সম্ভব।’ গত সোমবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক বেন শাপিরোর সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেন, ‘ইরান যেকোনো মার্কিন শহরকে টার্গেট করার মতো ক্ষমতা অর্জন করছে। মানুষ এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু ইরান ৮ হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এতে আরো ৩,০০০ কিলোমিটার যোগ করলেই তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছে যাবে।’ তিনি আরো বলেন, ‘ইরান যেকোনো আমেরিকান শহরকে ব্ল্যাকমেইল করতে পারে। এটি খুবই বড় হুমকি। এরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘মৃত্যু হোক আমেরিকার’ স্লোগান দেয়। এদের হাতে পারমাণবিক অস্ত্র থাকা খুবই বিপজ্জনক।’

নেতানিয়াহু দাবি করেন, ‘ইসরাইল এখন যেসব প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে, তা অন্য কোনো পরাশক্তি তৈরি করতে পারেনি। আমরা এগুলো যুক্তরাষ্ট্রের সাথেও ভাগাভাগি করছি। এমনকি আমাদের গোয়েন্দা সংস্থা আইএসআইএস ও অন্যান্য হামলা প্রতিহত করে বহু আমেরিকান নাগরিকের প্রাণ বাঁচিয়েছে।’ গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমরা যুদ্ধের শেষ প্রান্তে পৌঁছে গেছি, তবে এখনো তা পুরোপুরি শেষ হয়নি। হামাস যদি ক্ষমতায় থাকে, তবে যুদ্ধ থামানো যাবে না।’

তিনি স্মরণ করিয়ে দেন, ‘ঠিক দুই বছর আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছিল। অনেকে ভেবেছিল ইসরাইল ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজ, আমরা ইরান-সমর্থিত জোটকে চূর্ণ করেছি।’ নেতানিয়াহু আরও বলেন, ‘আমাদের ৪৬ জন জিম্মিকে মুক্ত করে এবং হামাসের শাসনের অবসান ঘটিয়ে, গাজা থেকে শুরু হওয়া যুদ্ধ গাজাতেই শেষ হবে।’