মুলাদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের মুলাদী উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ ছাত্র নির্বাচিত হয়েছেন মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এইচ এম মাহদী। তিনি উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামের বাসিন্দা। পিতা মনিরুজ্জামান হাওলাদার ও মাতা মুনমুন আহমেদের সন্তান মাহদী।
প্রাথমিক শিক্ষা সমাপনীতে বৃত্তি পাওয়া মাহদী লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণীতে ওই বিদ্যালয়ে ভর্তি হন। পরে ধারাবাহিকভাবে ভালো ফল করে সপ্তমে তৃতীয়, অষ্টমে দ্বিতীয় এবং নবম ও দশম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহদী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় উপজেলা পর্যায়ে প্রথম এবং গণিত অলিম্পিয়াডেও প্রথম স্থান লাভ করেন। নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক প্রকল্প নিয়ে কাজ ও সাহিত্যচর্চায় আগ্রহী মাহদীর একটি ইংরেজি কবিতা সম্প্রতি একটি ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তার এ অর্জনে শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবাইদা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সরওয়ার। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



