নকল কীটনাশক কারখানায় অভিযান
শাহজাদপুরে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের নকল কীটনাশক তৈরির সময় গতকাল হারিজ অ্যাগ্রো কেয়ার নামের একটি নকল কীটনাশক তৈরির কারখানায় টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল ও নকল কীটনাশক এবং মোড়ক জব্দ করা হয়। অভিযান শেষে মোবাইল কোর্টের মাধ্যমে কারখানার মালিক মো: হারিজ উদ্দিনকে এক মাসের কারাদণ্ড ও দ্্্্্্্্্্ুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। হারিজ উদ্দিন উপজেলার মশিপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: ফরিদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মো: সোহেল শেখ, উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার মো: জেরিন আহমেদ, র্যাব-১২ এর একটি দল ও শাহজাদপুর থানা পুলিশের একটি দল। শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা।
জাল দলিল দিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা
জাল দলিলের মাধ্যমে সিলেট সদর সাব-রেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রির চেষ্টাকালে দুই দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড দেয়া হয়েছে। গত মঙ্গলবার সদর সাবরেজিস্ট্রার অফিসে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল ইসলাম (৪৮) ও তার সহযোগী মিটু (৪০)। জানা যায়, সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে কামরুল ইসলাম ও তার সহযোগী মিটু জাল দলিল প্রস্তুত করে সিলেট সদর সাব-রেজিস্ট্রার মিনহাজ উদ্দিনের কাছে জমি রেজিস্ট্রির জন্য লেখা দলিল জমা দেন। পরে দলিল পর্যালোচনার সময় সাব রেজিস্ট্রারের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিক তাদের আটক করে রাখেন। পরে বিষয়টি সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিম উল্লা খানকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত জাল দলিল প্রস্তুত ও ব্যবহারের অপরাধে কামরুল ইসলাম ও মিটুকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সিলেট ব্যুরো।
ভালুকায় তুলার গোডাউনে আগুন
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বাজারসংলগ্ন বিল্লাল এন্টারপ্রাইজ নামে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। গত রোববার রাতে আগুনের ওই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে স্থানীয়রা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া বাজার সংলগ্ন বিল্লাল এন্টারপ্রাইজ নামে একটি তুলার গোডাউনের পেছনের অংশে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের ভেতরে থাকা তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।
নোয়াখালীতে একরাতে তিন বাড়িতে ডাকাতি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসব ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। পরপর তিনটি ডাকাতির ঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত রোববার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামায়ের টেক এলাকার মাসুদ মিয়ার নতুন বাড়ি, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকার মান্নানের বাড়ি ও চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান পণ্ডিত বাড়িতে এসব ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান পণ্ডিত বাড়িতে আবুধাবি প্রবাসী জনির বিল্ডিংয়ের লোহার দরজার লক ভেঙে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। নোয়াখালী অফিস।
সাভার থানার ওসি হেলাল ক্লোজ
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) হেলাল উদ্দিনকে ঢাকা জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে (ওসি তদন্ত) নূর মোহাম্মদ নয়া দিগন্ত কে সত্যতা নিশ্চিত করেছেন। কী কারণে ক্লোজ করা হয়েছে, জানতে চাইলে তিনি জানান, প্রশাসনিক কারণে তাকে ক্লোজ করে ঢাকা পুলিশ লাইনে নেয়া হয়েছে। এর আগে মাদক কারবারিদের সাথে শখ্যতার কারনে সাভার মডেল থানার ওসি আরমান আলী এবং এক এসআই, দুই এএসআইসহ তিন কর্মকর্তা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মাসুদুর রহমানকে ক্লোজ করা হয়। এ দিকে গত ২৬ মে সাভার মডেল থানার ওসি আরমান আলী কে ক্লোজ করার পর গুরুত্বপূর্ণ এ থানায় গত মঙ্গলবার পর্যন্ত কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগদান করেননি। ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তার অতিরিক্তি দায়িত্ব পালন করছেন ওসি (তদন্ত) নূর মোহাম্মদ। সাভার (ঢাকা) সংবাদদাতা।
নানিয়ারচরে সেনাবাহিনীর আলোচনা সভা
বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের আয়োজনে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে নানিয়ারচর জোন কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি। সভায় পরিবেশ সংরক্ষণে বন উজাড়, অবৈধভাবে পাহাড় কাটা রোধ, বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনায় জমি নির্ধারণ ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত আলোচনা করা হয়। এ সময় নানিয়ারচর জোন উপ-অধিনায়ক শেখ মোহাম্মদ নাঈম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো: নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ জুবাইদুর রহমান ভাসানী, বুড়িঘাট রেঞ্জ কর্মকর্তা জি এম আলমগীর এবং কুতুকছড়ি রেঞ্জ কর্মকর্তা এহিয়া হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা।
অবৈধ বিদ্যুৎ সংযোগে দগ্ধ দম্পতি
নেত্রকোনার খালিয়াজুরীতে সরকারি স্টাফ কোয়ার্টারে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সরকারি কর্মচারী দম্পতি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী সুমন মিয়া খালিয়াজুরী থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সুমন মিয়া পরিবারসহ উপজেলা স্টাফ কোয়ার্টারের ‘যমুনা’ ভবনে বসবাস করেন। অভিযুক্তরা তার অনুমতি ছাড়াই বারান্দার মেইন সুইচ থেকে নিম্নমানের তার দিয়ে পাশের নির্মাণকাজে বিদ্যুৎ সংযোগ নেন। বাধা দেয়া হলেও স্থানীয় প্রভাব খাটিয়ে সংযোগটি বহাল রাখা হয় বলে অভিযোগ রয়েছে। গত ৬ জুন ঈদের ছুটি শেষে বাসায় ফিরে বারান্দার গ্রিলে থাকা গামছা নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন মিয়া। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী হাসনাহেনাও দগ্ধ হন। পরে প্রতিবেশীরা মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়ার ডান হাত এবং তার স্ত্রীর বাম হাত ও ডান পা গুরুতরভাবে পুড়ে গেছে। খালিয়াজুরী থানার ওসি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা।



