কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সব ক’টি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। গতকাল বুধবার বিকেলে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয় বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত খায়রুল হকের অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখলে তার কারামুক্তির আইনি পথ উন্মুক্ত হয়। হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও চেম্বার বিচারপতি মো: রেজাউল হক সেটিতে ‘নো অর্ডার’ দেন।

তার আইনজীবীরা জানান, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে হত্যাচেষ্টা, রায় জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারসহ মোট ৯টি মামলা দায়ের করা হয়েছিল এবং সব ক’টিতেই তিনি জামিন পেয়েছেন। এজাহারভুক্ত আসামি হিসেবে নতুন করে আর কোনো মামলায় গ্রেফতার না দেখানোয় তার মুক্তিতে আইনি কোনো বাধা ছিল না।

সাবেক এই প্রধান বিচারপতির গ্রেফতারের পেছনে তার একাধিক বিতর্কিত ভূমিকা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। আইনজীবী ও বিশিষ্ট জনদের মতে, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসংক্রান্ত রায়ের মূল অংশ পরিবর্তন ও জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার করে আইন কমিশনের পদ বাগিয়ে নেয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের একতরফা আদেশ এবং আগাম জামিনের এখতিয়ার সংক্রান্ত রায়ে তার ভূমিকা ব্যাপকভাবে বিতর্কিত হয়।