রাজবাড়ী প্রতিনিধি
পদ্মা নদীতে উজানের পানির প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযান, ফেরি ও লঞ্চকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
গতকাল শনিবার দুপুরে বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিআইডব্লিউটিএ আরিচা শাখা থেকে জারি করা এক বিশেষ জরুরি নৌ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বর্তমানে ওই এলাকায় পানির গতিবেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল। প্রবল স্রোতের কারণে নৌযান চলাচলে চরম ঝুঁকি তৈরি হওয়ায় এই বিশেষ নির্দেশনা।
নির্দেশনায় বলা হয়েছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সব নৌযান অতি সতর্কতার সাথে পরিচালনা করতে হবে। একই সাথে যেসব ফেরি ও লঞ্চ ঘণ্টার ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম বেগে চলতে সক্ষম, সেগুলোকে এই নৌপথ পরিহার করে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞপ্তির অনুলিপি নৌ পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিএর কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, নেপালের বন্যার কারণে ভারত হয়ে বাংলাদেশে আসা পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বৃদ্ধির সাথে সাথে স্রোতের তীব্রতা বা ভ্যালসিটি বেড়েছে, যা নৌচলাচলের জন্য ঝুঁকিপূর্ণ।



