মালয়েশিয়ার শ্রমবাজার : সিন্ডিকেট ভাঙার দাবি এবি পার্টির

Printed Edition
ডিআরইউতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত মুক্ত আলোচনায় অতিথিরা : নয়া দিগন্ত
ডিআরইউতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত মুক্ত আলোচনায় অতিথিরা : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

লাইসেন্সধারী সব রিক্রুটিং এজেন্সি যাতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে পারে, সেই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচিত। শ্রমিকদের স্বার্থে সিন্ডিকেটনির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে এসে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে হবে।”

গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি: সিন্ডিকেট, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, “সরকার নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে কোনো টাকা নেওয়া যাবে না।”

বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জেনে বুঝে এবং যথাযথভাবে যাচাই করে প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। অনেক এজেন্সি ইতোমধ্যে ভাইভা নেওয়া শুরু করেছে।”

বিএনপির ভাইস চেয়ারম্যানআসাদুজ্জামান রিপন বলেন, “৫ অগাস্টের আন্দোলনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারা আন্দোলনে অংশ নিয়েছেন এবং রেমিটেন্স পাঠানো বন্ধ রেখে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন।

“শ্রমিকরা বিদেশে গিয়ে ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করে দেশে পাঠান। অথচ ধনীদের সন্তানরা বিদেশে পড়তে গিয়ে দেশের অর্থ বিদেশে নিয়ে যান। গরিবের সন্তানরা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করেন।”

নির্দিষ্ট ২৫টি কোম্পানির মধ্যে জনশক্তি রপ্তানির সুযোগ সীমাবদ্ধ না রেখে এটি উন্মুক্ত করা হলে প্রতিযোগিতা বাড়বে এবং শ্রমিকদের বিদেশ যাওয়ার খরচ কমবে বলে মনে করেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

তিনি বলেন, “ধান্দাবাজদের দেশ থেকে দূর করতে হবে। শ্রমিকরা যাতে সহজে, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং কম খরচে বিদেশ যেতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে।”

এবি পার্টির ছায়া সরকার বিষয়ক সমন্বয়ক আব্বাস ইসলাম খান নোমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, বায়রার সাবেক যুগ্ম মহাসচিব নুরুল আমিন ও ফখরুল ইসলাম ও দৈনিক সমকালের জ্যেষ্ঠ সাংবাদিক রাজীব আহাম্মদ। স্বাগত বক্তব্য দেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহাব মিনার।