টাঙ্গাইলে ৩০০ শিক্ষককে সংবর্ধনা

Printed Edition

টাঙ্গাইল প্রতিনিধি

শিক্ষার মানোন্নয়ন ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করতে টাঙ্গাইলে ৩০০ শিক্ষককে সংবর্ধনা দিয়েছে শাহীন শিক্ষা পরিবার। শনিবার সকালে শহরের শাহীন শিক্ষা পরিবারের ট্রেনিং সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মাছুদুল আমীন শাহীন। এ সময় শাহীন স্কুলের (ইংলিশ ভার্সন) প্রিন্সিপাল মিলন সরকার, শাহীন ইসলামিক স্কুলের মুহতামিম মুফতি মাজহারুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছয়টি ক্যাটাগরিতে মোট ৩০০ জন শিক্ষককে সম্মাননা দেয়া হয়। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে স্কুল ও মাদরাসা পর্যায়ের শিক্ষকরা অন্তর্ভুক্ত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে মাছুদুল আমীন শাহীন বলেন, শিক্ষার মান উন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে ভবিষ্যতেও ধারাবাহিক প্রশিক্ষণ, মূল্যায়ন, মেন্টরিং এবং গবেষণাভিত্তিক শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখা হবে। এই উদ্যোগ আরো বিস্তৃত ও সুদৃঢ় করা হবে বলেও জানান তিনি।