গাজীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য, প্রফেসর ড. মাছুমা হাবিব বলেছেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন জরুরি, আর মেধাস্বত্ব সেই উদ্ভাবনকে সুরক্ষা দেয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি সবসময় ভালো কাজের সাথে থাকে বিধায় এর যেকোনো কাজই প্রশংসাযোগ্য। তিনি বুধবার গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় ।
মানুষের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং গবেষণালব্ধ জ্ঞানকে যথাযথ স্বীকৃতি ও সুরক্ষা দেয়ার প্রত্যয়ে এবারের মেধাস্বত্ব দিবসের ২০২৬ প্রতিপাদ্য হলো ‘আইপি অ্যান্ড স্পোর্টস : রেডি, সেট, ইনোভেট’ যার উদ্দেশ্য হলো উদ্ভাবন, সৃজনশীলতা এবং মেধাসম্পদের যথাযথ মূল্যায়নে সচেতনতা বাড়ানো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি প্রফেসর ড. এম ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, সিনিয়র শিক্ষকসহ ৮৭ জন অধ্যাপক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।



