নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথা উপজেলায় কুমার নদের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও জনস্বার্থ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া গ্রামে স্বরূপদিয়া-বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুমার নদের অংশ ভরাট করে একটি পাকা ভবনের ভিত্তি নির্মাণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় ধলা ফকিরের ছেলে জিয়া ফকির (৫০) নদীর জমিতে ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করে স্থাপনা নির্মাণ করছেন। এ সময় ঘটনাস্থলে ৮ থেকে ১০ জন শ্রমিক কাজ করছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় কুমার নদী ছিল এলাকার প্রধান জলাধার। বর্ষা মৌসুমে নদীর পানিতে কৃষিজমিতে পলি জমে জমির উর্বরতা বাড়ত। কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ভরাটের কারণে নদী দিন দিন সঙ্কুচিত হয়ে পড়েছে। যে কারণে বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং শুষ্ক মৌসুমে নদী প্রায় মৃত খালে পরিণত হচ্ছে। অব্যাহত দখলের কারণে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত জিয়া ফকির বলেন, ‘তহসিলদার অফিস থেকে লোক এসে কাজ বন্ধ করতে বলায় আমি কাজ বন্ধ রেখেছিলাম। পরে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ইউএনওর অনুমতি রয়েছে বলে জানালে পুনরায় কাজ শুরু করি।’
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ আমার সাথে কথা বলেনি। বিষয়টি এইমাত্র জানলাম। দ্রুত সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার জানান, নদীর জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কুমার নদের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।



