কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আল আমিন সৈকত (৪০) নামের সাবেক এক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আল আমিন সৈকত ভৈরবপুর গ্রামের মৃত জসীমউদ্দীনের ছেলে। তিনি কিশোরগঞ্জ ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।
সৈকতের শ্যালক বাকিবিল্লাহ বলেন, রোববার রাতে গোপাল জিউর মন্দিরের সামনে অবস্থান করছিলেন সৈকত। এ সময় চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালান। তারা ধারালো অস্ত্র দিয়ে সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান।
খবর পেয়ে স্বজনেরা সৈকতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সৈকতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



