ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ২৩ জন নৌসেনা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির নৌবাহিনীর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার ভোরে রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পশ্চিম বান্দুংয়ের পাসির লাঙ্গু গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নৌবাহিনীর ফার্স্ট অ্যাডমিরাল তুঙ্গুল জানান, ইন্দোনেশিয়া-পাপুয়া নিউ গিনি সীমান্ত টহলের প্রশিক্ষণ চলাকালে অতিবৃষ্টি ও চরম আবহাওয়ার কারণে পাহাড় ধসে পড়লে মেরিন সেনারা মাটির নিচে চাপা পড়েন। এ ঘটনায় আরো ৪২ জন সেনা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
পশ্চিম জাভার এই পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনায় সেনাসদস্যদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট ২০ জন সাধারণ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো অন্তত ৪২ জন নিখোঁজ রয়েছেন। তবে নৌবাহিনী ঘোষিত ২৩ সেনাসদস্যের মৃত্যু এই তালিকার অন্তর্ভুক্ত কি না, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী ও পুলিশসহ অন্তত ৮০০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজে নয়টি খননকারী যন্ত্র বা এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। দুর্যোগকবলিত পাসির লাঙ্গু গ্রামের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক। ভূমিধসের পরপরই প্রায় ৬৮৫ জন বাসিন্দাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় সরকারি ভবনগুলোতে সরিয়ে নেয়া হয়েছে।



