ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৯৫.০৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভিসির কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষাব্যবস্থা উপহার দেয়া আমাদের দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে জাতীয় পর্যায়ে মডেল শিক্ষাব্যবস্থায় রূপ দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। চলতি বছরেই ইসলামী আরবি বিশ^বিদ্যালয় সেশনজট ও সনদজট মুক্ত হবে বলেও জানান তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো: আইউব হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো: রফিক আল মামুনসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দফতরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বছর মেধা তালিকায় প্রথম দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত বর্ষে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, ঢাকা প্রথম স্থান এবং ১ম, ২য় ও ৩য় বর্ষের মেধা তালিকায় চট্টগ্রাম জেলার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা দ্বিতীয় স্থান অর্জন করেছে। পাশাপশি চূড়ান্ত বর্ষে সরকারি মাদরাসা-এ আলীয়া, ঢাকা ২য় স্থান অর্জন করে। এ বছর মোট ১১ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ হাজার ৭৫৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হন।
উল্লেখ্য, গত ২৫ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।



