রাজশাহীর উন্নয়ন নিয়ে কমিশনারের সাথে বিরোধী এমপিদের বৈঠক

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগের উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী অঞ্চলের বিরোধীদলীয় ছয়জন সংসদ সদস্য। বৈঠকে বরেন্দ্র অঞ্চলের সেচ সঙ্কট নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা জোরদারের দাবি তুলে ধরা হয়।

মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেয়া সংসদ সদস্যরা বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প ও বাজেট বরাদ্দের ক্ষেত্রে দেশের সব নির্বাচনী এলাকার প্রতি সমান গুরুত্ব দেয়া প্রয়োজন। উন্নয়ন কার্যক্রমে ভারসাম্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের সুফল ভোগ করবে।

সভায় বরেন্দ্র অঞ্চলের দীর্ঘদিনের সেচ সঙ্কট নিরসনে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ, পদ্মা নদীর নাব্যতা রক্ষায় নিয়মিত ড্রেজিং, কৃষকদের জন্য সার ও উন্নতমানের বীজ সহজলভ্য করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলের ঘাটতি দ্রুত পূরণের ওপর গুরুত্বারোপ করা হয়। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরো জোরদারের আহ্বান জানান সংসদ সদস্যরা।

বক্তারা প্রশাসনিক সেবার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে নিয়মিত সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।