খুলনা ব্যুরো
খুলনায় গতকাল শুক্রবার তৃতীয় দিনের মতো খুলনা-৫ ও ৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ বাছাই পর্বে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং এক প্রার্থীর স্থগিত রাখা হয়েছে।
খুলনা-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনে জাতীয় পার্টির মো: মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো: আছাদুল বিশ্বাসের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া খুলনা-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমানের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলি আসগার, সিপিবির চিত্তরঞ্জন গোলদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো: আবদুল কাইউম জমাদ্দারের মনোনয়ন বহাল রয়েছে।
খুলনা-৬ আসনে বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো: আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো: আছাদুল্লাহ ফকির ও সিপিবির প্রশান্ত কুমার মণ্ডলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।



