প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিতের দাবি

Printed Edition

প্রযুক্তি ডেস্ক

জাতীয় অর্থনীতির স্বার্থে প্রতিবন্ধীসহ সবার জন্য ডিজিটাল সেবায় সমান প্রবেশাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন অধিকার কর্মীরা। সম্প্রতি রাজধানীর ডেইলি স্টার সেন্টারে ‘ডিজিটাল অধিকার, গণতন্ত্র, এবং ই-গভর্নেন্স-প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি’ শীর্ষক একটি নীতি সংলাপে বক্তব্যে অধিকার কর্মীরা বলেন, মোট জনসংখ্যার ১৫% প্রতিবন্ধী ব্যক্তি, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অংশ। তাদের প্রশিক্ষিত করা হলে এবং ডিজিটাল সেবায় প্রবেশাধিকার থাকলে তারা দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, উল্লেখ করে তাদের জন্য যথাযথ ডিজিটাল ডিভাইস ও প্রশিক্ষণের প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানান।

তারা বলেন, ডিজিটাল প্রবেশগম্যতা শুধু সামাজিক ন্যায়বিচার বা মানবাধিকারের বিষয় নয়; এটি একটি অর্থনৈতিক বিনিয়োগও। ডিজিটাল প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে বাংলাদেশ আরো বেশি মানুষকে শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা কার্যক্রম এবং বৃহত্তর ডিজিটাল অর্থনীতির সাথে যুক্ত করতে পারে, যা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

ডিডিআই সাউথ এশিয়া এর সহায়তায় সংযোগ ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।