বগুড়ায় মান্না কক্সবাজারে হামিদ আজাদেও মনোনয়নপত্র বাতিল

Printed Edition

বগুড়া ও কক্সবাজার অফিস

শুক্রবার বগুড়ার তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতটি বাতিল এবং বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা দেন।

জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির ছাড় দেয়া নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া একই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু ও গণ অধিকার ফোরামের সেলিম সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বগুড়ায়-১ (সারিয়াকান্দি-সোনাতলা ) আসনে সাবেক আওয়ামী লীগ নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী হাসিনার দোসর শাহজাদী আলম লিপি এবং ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল পাশার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া হলফনামায় মামলার উল্লেখ না থাকায় বগুড়া-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী শাহজাহান আলী তালুকদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ দিকে সকালে বগুড়া ডিসি অফিস চত্বরে হাসিনার দোসর স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপির এজেন্ট জনৈক রন্জুকে জুলাইযোদ্ধা সংগঠনের ব্যানারে কিছু যুবক গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আজ শনিবার বগুড়া-৪, ৫, ৬ ও বগুড়া-৭ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।

কক্সবাজারে জামায়াতের হামিদ আযাদসহ ৪ জনের মনোনয়ন বাতিল

কক্সবাজার অফিস জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের দু’টি আসন কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া এবং কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই কালে জামায়াতের হেভিওয়েট প্রার্থী এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।

যাচাই-বাছাই কালে কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।

কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান যাচাই-বাছাই শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান।

তিনি জানান, একটি মামলার যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় কক্সবাজার-২ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তিনি জানান, ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।

এই আসনে সাতজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন যার মধ্যে গোলাম মাওলা নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি), জিয়াউল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস), এস এম বোকনুজ্জামান খান (গণ অধিকার পরিষদ), মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)।

প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হয়েছিলেন।

অপরদিকে কক্সবাজার-১ আসনে যাচাই বাছাই শেষে মনোনয়ন জমা দেয়া পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, গণ অধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের এই তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্রে অসঙ্গতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামসহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার মো: আব্দুল মান্নান।