কুলিয়ারচর (কিশোরগঞ্জ সংবাদদাতা)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী নানা কর্মসূচি ও অবকাঠামোগত উন্নয়নকাজের উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম। গত শনিবার সকাল থেকে শুরু হওয়া এসব কর্মসূচিতে অংশ নেন তিনি।
সকালে সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার মো: সাইফুল ইসলামের বড়খারচরের বাসভবনে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এরপর তিনি জেলা পরিষদ অডিটোরিয়ামে কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সংগঠনের সভাপতি নয়ন মণি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সুশিক্ষিত ও মেধাবী প্রজন্মের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করে। শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫-এর পেছনে না ছুটে সৎ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। পরে তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। অনুষ্ঠানে ইউএনও মো: ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



