ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এবং ‘বাংলাদেশ সাহিত্যকেন্দ্র’ ও ‘নটনাট্য’র ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী ‘লেখালেখি ও নাট্য কর্মশালা’ শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৬ শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে লেখক ও গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন, কবি আফসার নিজাম, নাট্যকার ও নির্মাতা হুসনে মোবারক, চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা এইচ এম তানভীর হাসান, কবি তাসনিম মাহমুদ, কবি ফরিদ সাঈদ ও আবৃত্তিকার তারিক হাসিবসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের লেখালেখি ও সৃজনশীল চর্চায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।



