মৌলভীবাজার-হবিগঞ্জ মৎস্য কর্মকর্তাদের মিলনমেলা

Printed Edition

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মৎস্য কর্মকর্তাদের সংগঠন ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার-হবিগঞ্জের উদ্যোগে গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার শ্রীমঙ্গলের মৌলভীবাজারে চায়নিজ রেস্টুরেন্টে জমকালো এ আয়োজন করা হয়।

ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসাইন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান দীপু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু নাঈম, ফিরোজ আহমেদ, ফারুক আহমেদ, অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক রোকনুজ্জামান, হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে দুই জেলার মৎস্য কর্মকর্তারা পেশাগত অভিজ্ঞতা বিনিময়, বার্ষিক কর্মপরিকল্পনা, মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি এবং মৎস্যসম্পদ উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। প্রধান অতিথি বলেন, মাঠপর্যায়ের মৎস্য কর্মকর্তারা দেশের উৎপাদন বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন। মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলের কর্মকর্তারা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে কৃষক ও খামারিদের পাশে দাঁড়াচ্ছে, এটি সত্যিই প্রশংসনীয়।

প্রধান আলোচক বলেন, মৎস্য খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে মাঠপর্যায়ের প্রতিটি কর্মকর্তার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের রোগ প্রতিরোধ, গুণগতমান নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই চাষ প্রযুক্তি সম্প্রসারণে আধুনিক জ্ঞান ও দক্ষতা অত্যাবশ্যক।