ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) নতুন ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: মোক্তার আলী। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যোগদানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সদ্য বিদায়ী ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ উপস্থিত থেকে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনিযুক্ত ভিসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো: মোক্তার আলীকে ইউএফটিবির ভিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়। অধ্যাপক ড. মো: মোক্তার আলী একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক। তিনি ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে বিএসসি এবং ১৯৯৫ সালে একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি লাভ করেন। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গাজীপুর জেলা প্রতিনিধি।



