রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কো যাচ্ছেন শি

এএফপি
Printed Edition
রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কো যাচ্ছেন শি জিনপিং
রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কো যাচ্ছেন শি জিনপিং

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী ৭ থেকে ১০ মে রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্র বাহিনীর বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

ক্রেমলিন গত রোববার জানিয়েছে, এই সফরে প্রেসিডেন্ট পুতিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শি। আলোচনায় থাকবে চীন-রাশিয়ার কৌশলগত সম্পর্ক জোরদার, আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু। চীনা প্রেসিডেন্টের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সাথে বেইজিংয়ের সম্পর্ক উত্তেজনাপূর্ণ- বিশেষত মার্কিন শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপটে। অন্য দিকে ইউক্রেনে পুতিন তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ৮ থেকে ১০ মে, যা ইউক্রেনে ‘বিজয় দিবস’ কেন্দ্রিক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ঘোষণাকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন।

চীন ও রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আগ্রাসনের আগে ‘সীমাহীন অংশীদারিত্ব’ ঘোষণা করে। এরপর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, যা পশ্চিমা বিশ্বের উদ্বেগ বাড়িয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার বলেন, ‘আন্তর্জাতিক অর্ডারে যখন বড় ধরনের পরিবর্তন চলছে, তখন রাশিয়া ও চীনের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক আরো গভীর হচ্ছে।’

চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি-তে মুখপাত্র আরো বলেন, ‘জাতিসঙ্ঘ, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং ব্রিকস-এর মতো বহুপক্ষীয় প্ল্যাটফর্মে রাশিয়া-চীন ঘনিষ্ঠ সহযোগিতা আরো বাড়াবে। তারা ‘গ্লোবাল সাউথ’-কে একত্রিত করে এক বহুমাত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পথে নেতৃত্ব দেবে এবং একতরফা সিদ্ধান্ত ও দখলদার মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’