যুবককে রাতভর নির্যাতন করল এমপির কেয়ারটেকার

Printed Edition

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে সরকারি খাল খনন প্রকল্পের টাকা নিয়ে বিরোধের জেরে প্রকল্প কমিটির সভাপতির ভাতিজাকে গভীর রাতে তুলে নিয়ে চোখ বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে মনিরুল ইসলাম মনি নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত মনি স্থানীয় সংসদ সদস্য (এমপি) সুলতান মাহমুদ বাবুর গাইবান্ধা ইউনিয়নের নাপিতেচর গ্রামের বাড়ির কেয়ারটেকার।

নির্যাতনের শিকার খোরশেদ আলম (৪৫) গাইবান্ধা ইউনিয়নের ফুলকারচর গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ইউপি সদস্য ও জিয়া খাল খনন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোতালেবের ভাতিজা। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঝগড়ারচর বাজার এলাকা থেকে জোরপূর্বক খোরশেদকে তুলে নেয়া হয়। পরদিন স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেন। প্রকল্পের সভাপতি আব্দুল মোতালেব জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুই কোটি ছয় লাখ টাকার এই প্রকল্পে কেয়ারটেকার মনি ভেকু মেশিন সরবরাহ করেছিলেন। কিন্তু তিনি কাজের বাইরে অতিরিক্ত ও অবৈধ টাকা দাবি করায় তা দিতে অস্বীকৃতি জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে মনি ও তার লোকজন তাকে না পেয়ে ভাতিজা খোরশেদকে অটোরিকশায় তুলে নিয়ে চোখ বেঁধে রাতভর নির্যাতন চালায়।

নির্যাতনের শিকার খোরশেদ আলম বলেন, মনিসহ ১০-১১ জন আমাকে তুলে নিয়ে সারা রাত চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘুরিয়ে মারধর করেছে। স্থানীয় বাসিন্দা সাদা মিয়া জানান, সকালে মনির বাড়ি থেকে খোরশেদকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে কেয়ারটেকার মনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। খালের কাজে ভেকু দিলেও আমাকে টাকা দেয়া হচ্ছিল না, তাই খোরশেদকে কেবল ডেকে এনেছিলাম। এ বিষয়ে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি তার জানা নেই এবং কেউ এখনো অভিযোগ করেনি। মুঠোফোনে জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, আমি ঢাকায় আছি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।