নিজস্ব প্রতিবেদক
পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তা এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৯ কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেয়া হয়েছে। একই আইনের একই ধারায় এএসপি পদমর্যাদার সাত কর্মকর্তাকেও জনস্বার্থে অবসর দেয়া হয়। আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
এএসপি পদমর্যাদার অবসরে পাঠানো সাত কর্মকর্তা হলেন র্যাব সদর দফতরের এএসপি নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো: নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো: সৈয়দুজ্জামান, র্যাব-২-এর এএসপি মো: গোলাম কিবরিয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো: রবিউল ইসলাম।
রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে অবসরের কারণ হিসেবে জনস্বার্থের কথা উল্লেখ করা হয়েছে।


