রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : কোলিনা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের অভিযোগের পর ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের ম্যাচ পরিচালনাকারী রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ভিত্তিহীন অভিযোগ শুধু রেফারিদের সুনাম ক্ষুণœ করে না, বরং তাদের ও পরিবারের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলে।

মিসরের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয়ের পর দেশটির ফুটবল ফেডারেশন (ইএফএ) ম্যাচের দায়িত্বে থাকা রেফারিদের টুর্নামেন্ট থেকে সরিয়ে দেয়ার দাবি জানায়। একই সাথে ‘দ্বৈত মানদণ্ডে’ ম্যাচ পরিচালনার অভিযোগ তুলে ঘটনার তদন্তও চায় তারা।

ম্যাচ শেষে মিসরের প্রধান কোচ হোসাম হাসান অভিযোগ করেন, তার দল অন্যায্য আচরণের শিকার হয়েছে। এমনকি তিনি ইঙ্গিত দেন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও তারকা ফুটবলার লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে কোলিনা এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘রেফারিদের সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা সবসময়ই ফুটবলের অংশ। কিন্তু ভিত্তিহীন অভিযোগের কোনো জায়গা নেই। কেউই ফিফা বিশ্বকাপের রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না।’

বিতর্কিত ঘটনাগুলোর ব্যাখ্যাও দেন কোলিনা। মিসরের মোস্তফা জিকোর গোল বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, গোল হওয়ার আগে আক্রমণের শুরুতে মারওয়ান আতিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের পায়ে আঘাত করেছিলেন। ভিডিও সহকারী রেফারি (ভিএআর) সেই ফাউল শনাক্ত করায় নিয়মানুযায়ী গোলটি বাতিল করা হয়।

অন্য দিকে ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহর সম্ভাব্য পেনাল্টির আবেদন নাকচ হওয়ার বিষয়েও কোলিনার ব্যাখ্যা, রিপ্লে পর্যালোচনায় দেখা গেছে আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজের সাথে সালাহর সংঘর্ষ ছিল স্বাভাবিক ফুটবলীয় সংস্পর্শ। তাই সেখানে ফাউল বা পেনাল্টির কোনো ভিত্তি পাওয়া যায়নি। কোলিনা স্বীকার করেন, কিছু সিদ্ধান্তে ব্যক্তিগত ব্যাখ্যার সুযোগ থাকে। তবে তার দাবি, টুর্নামেন্টজুড়ে একই নীতি অনুসরণ করে ভিএআর ও রেফারিরা দায়িত্ব পালন করেছেন এবং ফিফা তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট।