ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা সুমন ঘোষের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই মির্জা ফখরুলের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মাইকিং করা হচ্ছে। এ প্রচারণায় ব্যবহৃত মাইকিংয়ের ভয়েস রেকর্ডিং নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা সুমন ঘোষের- এমনটি নিশ্চিত করেছেন একাধিক সূত্র। জানা গেছে, ৫ আগস্ট পরবর্তী মামলার আসামি ও বর্তমানে পলাতক সুমন ঘোষ ঠাকুরগাঁও জেলা যুবলীগের সহসভাপতি ছিলেন। তিনি পৌর শহরের হলপাড়া মহল্লার বাসিন্দা এবং গোপাল চন্দ্র ঘোষের ছেলে।
এ ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন, মাইকিংয়ের জন্য স্থানীয়ভাবে অসংখ্য কণ্ঠ থাকা সত্ত্বেও কেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একজন নেতার কণ্ঠ ব্যবহার করা হলো। এর মাধ্যমে বিএনপির কিছু নেতাকর্মীর সাথে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কোনো যোগাযোগ রয়েছে কি না- সেই প্রশ্নও সামনে আসছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে সুমন ঘোষের কণ্ঠ বেশ পরিচিত। স্থানীয় সূত্র জানায়, হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা ও সামাজিক অনুষ্ঠানের মাইকিং দীর্ঘ দিন ধরে তার কণ্ঠেই পরিচালিত হয়ে আসছে। যার ফলে সাধারণ মানুষের কাছে তার কণ্ঠ সহজেই শনাক্তযোগ্য।



