দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার শ্যামপুর গ্রামের মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পা অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত এই নারী। তার এ অর্জনে জন্মস্থান দর্শনা ও চুয়াডাঙ্গায় আনন্দের সৃষ্টি হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর ক্যামডেন কাউন্সিলের সভায় কাউন্সিলরদের ভোটে এলিজা রহমান ডেপুটি মেয়র নির্বাচিত হন। একই সভায় ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হন। এর আগে ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে অস্ট্রেলিয়ান লেবার পার্টির প্রার্থী হিসেবে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন এলিজা। প্রায় দুই বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের পর তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন।
এলিজার পারিবারিক শিকড় চুয়াডাঙ্গার দর্শনার শ্যামপুর গ্রামে। তার বাবা আজাদুল ইসলাম আজাদ। এলিজার ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এলিজা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। অস্ট্রেলিয়ায় বিভিন্ন ভাষাভাষী ও অভিবাসী জনগোষ্ঠীর সাথে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। এলিজার বাবা আজাদুল ইসলাম আজাদ বলেন, প্রায় দুই বছর আগে তার মেয়ে ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন শুরু করেন। এবার একই কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় তিনি পরিবার ও বাংলাদেশী কমিউনিটির জন্য এটিকে গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
দর্শনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু বলেন, দর্শনার একটি গ্রামের মেয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হওয়া এলাকার মানুষের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁর প্রত্যাশা, এলিজা নতুন দায়িত্বে দক্ষতার সাথে কাজ করবেন। এর আগে ২০২৩ সালে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত মাসুদ খলিল।



