বরগুনা-১ আসনে সম্পদে এগিয়ে বিএনপি স্ত্রীর সম্পদে এগিয়ে জামায়াত প্রার্থী

Printed Edition

গোলাম কিবরিয়া বরগুনা

বরগুনা-১ (আমতলী-তালতলী ও বরগুনা সদর) সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত পাঁচ প্রার্থীর হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে তাদের সম্পদ ও শিাগত যোগ্যতার চিত্র। সম্পদের দিক থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লা সবচেয়ে বিত্তশালী হলেও শিাগত যোগ্যতায় ঘাটতির রয়েছে। অন্যদিকে প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামি মনোনীত জেলা আমির অধ্যাপক মাওলানা মো: মহিবুল্লাহ হারুনের স্ত্রীর নামে সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে।

হলফনামা অনুযায়ী, জেলা বিএনপির আহ্বায়ক মো: নজরুল ইসলাম মোল্লা ২০১৮ সালের হলফনামায় স্ত্রীর নামে ৩৫ ভরি স্বর্ণের উল্লেখ করলেও সর্বশেষ দাখিল করা তথ্যে স্ত্রীর নামে কোনো স্বর্ণ দেখাননি। তবে নিজের নামে তিনি ৬০ হাজার টাকার স্বর্ণের তথ্য দিয়েছেন। গত সাত বছরে তার ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ৯ দশমিক ৩১ গুণ বেড়েছে। পাঁচ প্রার্থীর মধ্যে একমাত্র তার নামেই একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওলি উল্লাহর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। তার স্ত্রী মমতাজ বেগমের নামে রয়েছে ১১ ভরি স্বর্ণ। হলফনামায় মৌসুমি ব্যবসা ও পৈতৃক সূত্রে পাওয়া সম্পদের কথা উল্লেখ করেছেন তিনি। জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী জেলা আমির অধ্যাপক মাওলানা মো: মহিবুল্লাহ হারুনের ঘোষিত মোট সম্পদের মূল্য ৭৪ লাখ টাকা। তার স্ত্রী মাহফুজার নামে রয়েছে পাঁচ ভরি স্বর্ণ ও প্রায় ৩০ লাখ টাকার সম্পত্তি। পাঁচ প্রার্থীর মধ্যে স্ত্রীর নামে সবচেয়ে বেশি সম্পত্তির মালিক তিনি।

খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইনের নামে রয়েছে ৩০ ভরি স্বর্ণ, তার স্ত্রীর নামে পাঁচ ভরি এবং নির্ভরশীলদের নামে ১০ দশমিক ৩ গ্রাম স্বর্ণ। স্বর্ণের পরিমাণের হিসাবে তিনি অন্য সব প্রার্থীর চেয়ে এগিয়ে।

জাতীয় পার্টি (জেপি) প্রার্থী জামাল হোসাইনের হলফনামায় ২০ ভরি স্বর্ণ, সাত লাখ টাকা নগদ অর্থ ও ৩০ হাজার টাকার বৈদেশিক মুদ্রার উল্লেখ রয়েছে। তবে তার স্ত্রীর নামে কোনো সম্পত্তি দেখানো হয়নি।