কর্মী নেই, গাড়ি নেই, বাইসাইকেল চালিয়ে প্রার্থীর গণসংযোগ

কর্মীবাহিনী কিংবা আধুনিক যানবাহন না থাকলেও পুরনো একটি বাইসাইকেল আর হ্যান্ডমাইককে সম্বল করে ভোটের মাঠে নেমেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান বিএসসি। ঢেঁকি প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Printed Edition
সাইকেল চালিয়ে হ্যান্ড মাইকে ভোট প্রার্থনা করছেন আজিজার রহমান : নয়া দিগন্ত
সাইকেল চালিয়ে হ্যান্ড মাইকে ভোট প্রার্থনা করছেন আজিজার রহমান : নয়া দিগন্ত

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ব্যতিক্রমী এক চিত্র দেখা যাচ্ছে। কর্মীবাহিনী কিংবা আধুনিক যানবাহন না থাকলেও পুরনো একটি বাইসাইকেল আর হ্যান্ডমাইককে সম্বল করে ভোটের মাঠে নেমেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান বিএসসি। ঢেঁকি প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজিজার রহমান সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের বাসিন্দা। তিনি মরহুম রজ্জব মণ্ডলের ছেলে এবং দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ব্যক্তিগত জীবনে সাদাসিধে এই শিক্ষক নির্বাচনী প্রচারণায়ও বেছে নিয়েছেন সম্পূর্ণ ব্যতিক্রমী পথ।

খোঁজ নিয়ে জানা গেছে, তার কোনো মোটরসাইকেল কিংবা গাড়ি নেই। নিজস্ব একটি পুরনো বাইসাইকেলই তার একমাত্র বাহন। নির্বাচনী প্রচারের জন্য তিনি কিনেছেন একটি হ্যান্ডমাইক। প্রতিদিন সেটি কাঁধে ঝুলিয়ে বাইসাইকেল চালিয়ে তিনি ছুটে যাচ্ছেন হাট-বাজার ও গ্রাম-গঞ্জে। এ পর্যন্ত শতাধিক পথসভা করেছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, আজিজার রহমান এর আগেও উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। তবে রাজনীতি ও জনসেবার প্রতি আগ্রহ থেকেই তিনি বারবার নির্বাচনে অংশ নিচ্ছেন। এবার সংসদ নির্বাচনে কর্মীবাহিনী ছাড়া একাই পথসভা ও সাধারণ ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ রাখছেন।

আজিজার রহমান বলেন, ‘সাধারণ মানুষের সাড়া আমাকে অনুপ্রাণিত করছে। আমি নির্বাচিত হলে এলাকার মানুষকে সাথে নিয়েই উন্নয়নমূলক কাজ করব।’ তার এই প্রচারণা ইতোমধ্যে এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনে বিএনপি, জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৪৫টি ভোটকেন্দ্রের ৯৫২টি কক্ষে পাঁচ লাখ ছয় হাজার ১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৮ হাজার ৯০২, নারী দুই লাখ ৫৭ হাজার ২৭৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।