বগুড়ায় খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

Printed Edition
বগুড়ায় খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায় : নয়া দিগন্ত
বগুড়ায় খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায় : নয়া দিগন্ত

বগুড়া অফিস

ঢাকা থেকে জয়পুরহাটের নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৭৫) নামের এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িটি রাস্তার পাশের ধানক্ষেতে পড়ে যায়। এ সময় মন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হলেও পরে তারা পুলিশ প্রটেকশনের গাড়িতে জয়পুরহাটে যান। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মোকামতলা টু জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহত ফিরোজা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টায় তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের লাশ পরিবারের সদস্যদের কাছে দেয়া হয়েছে।

দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে পাঠানো হলো ঢাকায় : শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জয়পুরহাটের কালাই থানার ওসি সাইদুল আলম জানান, দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আব্দুল বারীকে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার স্ত্রী সুস্থ আছেন। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এলাকার সফর বাতিল করে শুক্রবার বেলা পৌনে ১টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রাশেদ মোবারক জুয়েল জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাঁ পায়ের সোল্ডার ও বুকে আঘাত লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।